রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনকালে গত ২৩ জুন এক সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি এবং ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।
বুধবার (২৪ জুন) পৃথক বিবৃতিতে দুই সংগঠনের নেতারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাকিব আসলাম ও সাধারণ সম্পাদক রবিউল আলম এক যৌথ বিবৃতিতে বলেন, গণতান্ত্রিক সমাজে সাংবাদিকরা জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সাংবাদিকদের ওপর হামলা সত্য ও বস্তুনিষ্ঠ তথ্যপ্রবাহের ওপর আঘাতের শামিল। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী এবং ফৌজদারি অপরাধ।
অন্যদিকে ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম ও সাধারণ সম্পাদক জুয়েল রানা এক যৌথ বিবৃতিতে বলেন, স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধ এবং মুক্ত সাংবাদিকতার পথ বন্ধ করতেই এই কাপুরুষোচিত হামলা চালানো হয়েছে। পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর এমন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তারা বলেন, ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের বিক্ষোভ মিছিল শেষে ব্রিফিং চলাকালে কতিপয় নেতাকর্মী সাংবাদিকদের ওপর চড়াও হয়। এতে দৈনিক সকালের প্রতিবেদক মাহফুজুর রহমান শিশির আহত হন।
বিবৃতিতে নেতারা আরও বলেন, অতীতে সাংবাদিকদের ওপর হামলার সুষ্ঠু বিচার না হওয়ায় বারবার গণমাধ্যমকর্মীরা হামলার শিকার হচ্ছেন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
জানা গেছে, গত ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের বিক্ষোভ মিছিল শেষে এই হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশির অভিযোগ করেছেন, জামায়াতের নেতা-কর্মীরাই তার ওপর হামলা চালিয়েছেন।
আরটিভি/জেএমএ



